

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে পুরো জেলায় অচলাবস্থা তৈরি হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দূরপাল্লার ১৬টি অভ্যন্তরীণ রুটসহ জেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাটও।
হরতালের কারণে শহরের বিভিন্ন স্থানে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাননি। ফলে অনেককে দ্বিগুণ ভাড়া দিয়ে ইজিবাইক, রিকশা ও ভ্যানে গন্তব্যে যেতে হচ্ছে। যাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা এ পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
হরতাল ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন অফিস ও আদালত এলাকাতেও ছিল কড়া নিরাপত্তা।
অন্যদিকে, মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন— পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে জানানো হয়, অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, ওষুধ ও সংবাদপত্র পরিবহনে কোনো বাধা দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর তবলাপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে গ্রামবাসী আক্রান্ত হলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।
