

মো. মাসুদ পারভেজ, বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলার জাফ্রাখালি বটতলা এলাকায় যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে মোট ৭২টি যানবাহনে তল্লাশি চালানো হয়। বামনা নৌবাহিনী ক্যাম্পের সাব লেফটেন্যান্ট মাহাবুবুর রহমান (এক্স), বিএন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
নৌবাহিনী জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম দমন এবং আইনের শাসন বজায় রাখতে নৌবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
