ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

নড়াইলে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৪

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আট বছরের শিশু আব্দুল্লাহ মেজবাকে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন—ঘাঘা উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল শেখ (৩৬), একই গ্রামের বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০) ও বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ জানায়, শিশু আব্দুল্লাহকে অপহরণের মূল পরিকল্পনা করেন উজ্জ্বল শেখ। তিনি ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেন এবং সহযোগী রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা থেকে ঋণ শোধ করে দেয়ার আশ্বাস দেন।

গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে গেলে তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করা হয়। এরপর জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। সেখানে শিশুটির পাহারায় ছিল রোজিনা বেগম।

ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জ্বল শেখ শিশু আব্দুল্লাহর স্বজনদের থানায় গিয়ে অপহরণের অভিযোগ করতে বলেন। কিন্তু তাদের বক্তব্যে অসংগতির কারণে পুলিশের সন্দেহ হয়।

পরে ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারোক বিশ্বাস, আজিজুর তালুকদার ও সঙ্গীয় ফোর্সের তৎপরতায় রবিবার ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি শরিফুল ইসলাম বলেন, “শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram