

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ঝড়ে পড়ে যাওয়া সরকারি গাছের ডাল বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন (২৫) ও শহিদুল ইসলামের মারামারি হয়। এসময় গুরতর আহত হয়ে আজ রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেন।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে লাশ নিয়ে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে প্রসাশনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
এর আগে গত ১৭ আগস্ট উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন ওই এলাকার ওহেদ আলীর ছেলে।
জানা গেছে, গত ১৭ আগস্ট ঝড়ে ভেঙে পরা সরকারি গাছের ডাল নিয়ে কথা কাটাকাটি হয় আনোয়ার ও শহিদুলের। এক পর্যায়ে শহিদুল চরাও হয়ে আনোয়ারের মাথায় আঘাত করে। এতে আনোয়ার গুরুতর আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ দিন ধরে চিকিৎসাধীন থেকে আজ সকালে মারা যায়। পরে বিকেলে আনোয়ারের পরিবারের লোকজন ও স্থানীয়রা হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় আনোয়ারের লাশের গাড়ি সামনে রেখে মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে আনোয়ারের স্ত্রী মনি আক্তার বলেন, বৃষ্টিতে আমাদের জমিতে গাছের ডাল ভেঙ্গে পড়েছে। সেই গাছের ডাল আনতে গিয়েছিল আমার স্বামী। এ সময় আমার স্বামীর সাথে শহিদুল ও শাহ আলমের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় শহিদুল আমার স্বামীর মাথায় আঘাত করে। আমার স্বামী আজ হাসপাতালে মারা গেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার বি-সার্কেল জয়ন্ত কুমার সেন বলেন, আমি নিজে এই মামলা তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করবো। আপনারা আমাকে একটু সহোযোগিতা করুন।

