

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চক হরিদাসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার প্রতি চরম অবমাননার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) মাগরিবের আজান হয়ে যাওয়ার পরও বিদ্যালয়ের প্রাঙ্গণে পতাকা অবহেলাভাবে উড়তে দেখা যায়। জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন ও নামানো বাধ্যতামূলক। কিন্তু এই বিদ্যালয়ে নিয়ম না মেনে পতাকা রাতের আঁধারেও উড়তে দেখা যায়, যা কেবল অবহেলাই নয় বরং জাতীয় পতাকার প্রতি অশ্রদ্ধা ও আইনের সরাসরি লঙ্ঘন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের অবশ্যই তাদের পেশার প্রতি আন্তরিক হতে হবে।
স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক এটিকে অবহেলা করার মানে দেশ ও জাতির মর্যাদাকে অসম্মান করা। তাই অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

