

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি বিভিন্ন বড় প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হয়েছে। এসব অনিয়মের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের যেকোনো প্রকল্পে দুর্নীতি প্রমাণিত হলে দুদক আইনানুগ ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযোগী করে গড়ে তুলতে কাজ চলছে।
দিনের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এরপর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নির্মাণাধীন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের অ্যারাইভাল হল, চেক-ইন কাউন্টার, প্রস্তাবিত ইমিগ্রেশন জোনসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীনসহ স্থানীয় প্রশাসন ও নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা।
