

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে চার বছরের শিশু সাদাব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বিকেল ৩টা ৫ মিনিট পর্যন্ত তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে রাখে। এতে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাদাব হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ট্রেন আটকিয়ে বিক্ষোভ চালায়। খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনোতোষ বিশ্বাস, গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া এবং পাগলা থানার ওসি ফেরদৌস আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত ১১ জুলাই গফরগাঁওয়ের পাচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে শিশু সাদাব হোসেন (৪) নিখোঁজ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তার পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি আসে। প্রথমে ২০ হাজার, পরে এক লাখ টাকা দাবি করা হয়। নিখোঁজের চার দিন পর, ১৫ জুলাই বিকেলে পাশের জঙ্গলে তিন টুকরো অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।
স্থানীয়রা জানায়, এ হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। শিশুর পরিবারের সদস্যরাও এখনও বিশ্বাস করতে পারছেন না, মাত্র চার বছরের একটি শিশুকে এমন নির্মমভাবে হত্যা করা সম্ভব।

