ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২১
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

রংপুরে ছাত্রদলনেতাকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজম পারভেজ, রংপুর: রংপুরের পীরগাছায় ছাত্রদল নেতা শামীম হোসেনের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে আওয়ামী সিন্ডিকেটের সহযোগিতায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১.৩০ টায় রিপোর্টার্স ক্লাব রংপুরের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পীরগাছার ইটাকুমারি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, গত বছরের ৫ আগস্ট পীরগাছায় ছাত্র জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিলে বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙার গুলিবর্ষণের ঘটনায় জাতীয়ভাবে আলোড়ন সৃষ্টি হলেও এখনও এলাকায় আওয়ামী শাসনব্যবস্থার মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। একই পরিবারের আওয়ামী ও বিএনপি নেতার সুবিধাবাদী রাজনীতির কারণে এলাকাবাসী এখনও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তথা নিষ্ঠুর শোষণ থেকে মুক্ত হয়নি। বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙা আওয়ামী সমর্থিত সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত করছেন এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের কোনঠাসা করে ফেলছেন। লুটপাট, কমিশন-বাণিজ্য, মামলা ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ভয়ঙ্কর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, গত ১৮ আগস্ট উপজেলার অন্নদানগর ইউনিয়নের আমতলী বাজার এলাকায় শতবর্ষী আমগাছ কাটার বিরুদ্ধে পরিবেশ কর্মী হিসেবে প্রতিবাদ জানিয়ে আমি ফেসবুকে লাইভ করলে রিয়েল এস্টেট ব্যবসায়ী আওয়ামী দালাল লুৎফর রহমানের যোগসাজশে বিএনপি নেতা মাহবুবুর রহমান মাহবুব ও মোশারফ হোসেনসহ অন্যান্যরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করে বরং আমাকেই মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে। গ্রেফতার এবং মারপিটের সময়ে ঘটনাস্থলে রাঙ্গার পালিত সন্ত্রাসীবাহিনী ও পুলিশ কর্তৃক হেনস্তার শিকার হন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবী রাকিব-আল ইসলাম শেখ শোভন। তার অপরাধ আমার উপর হওয়া আক্রমণ এবং বিনা গ্রেফতারি পরোয়ানায় অন্যায়ভাবে আটকের কারণ জানতে চাওয়া।

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন জানান, বর্তমানে পীরগাছার পুলিশ প্রশাসন কার্যত বিএনপি নেতা রাঙ্গার নির্দেশেই চলছে। যদি লুটপাট বা দুর্নীতির প্রতিবাদ করলেই নাগরিকরা হামলার শিকার হন, তাহলে দেশে সিটিজেন জার্নালিজম ও গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়বে।

এমতাবস্থায় আমরা পীরগাছা উপজেলার সর্বস্তরের মানুষ কুখ্যাত সন্ত্রাসী আমিনুল ইসলাম রাঙার এহেন সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। দেশনায়ক তারেক রহমানের প্রতি আমাদের এলাকাবাসীর দাবি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ আমলে নিয়ে তদন্তের মাধ্যমে দলীয় ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে তাকে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করে জনতার দাবীর সাথে একাত্মতা পোষণ করতে হবে। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। অপরাধী যেই হোক দল তাকে সমর্থন করতে পারে না।

শেখ শোভন আরো বলেন, ছাত্রনেতা শামীম হোসেনের উপর হামলার নির্দেশদাতা আমিনুল ইসলাম রাঙ্গার পালিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে জননিরাপত্তা ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এককই সাথে অভিযুক্ত ওসি, দারোগা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শামীম আহমেদসহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া জানান, বিএনপি নেতার মাধ্যমে প্রভাবিত হওয়ার বিষয়টি সঠিক নয়। ছাত্রনেতা শামীমের উপর হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে মামলা হয়েছে। একইভাবে শামীমের বিরুদ্ধে চাঁদাবাজির বিষয়টি নিয়েও মামলা হয়েছে। মামলা রুজু হওয়ার পরে আমরা আসামি গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাই এবং এজাহারভুক্ত আসামি শামীমকে গ্রেফতার করি। একই সাথে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও শেখ শোভনকে গ্রেফতার করা হয়নি এবং তার নামে কোন মামলাও রুজু হয়নি।

রংপুর জেলা সহকারী পুলিশ সুপার(সি সার্কেল) আসিফা আফরোজ আদুরী জানান, পুলিশ আইনানুগভাবে দায়িত্ব পালন করছে। আাসামি শামীমকে গ্রেফতারের সময় ঢাবি ছাত্রদল নেতা বাঁধা প্রদান করায় তাকে আটক করা হয়েছিলো। পরবর্তীতে যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে মামলা না থাকায় তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram