

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি ও দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তারা দুই দলে ভাগ হয়ে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে যান। সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ–দুর্দশার কথা শোনেন এবং আশ্রয়শিবিরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প-৪ এ জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ই-ভাউচার আউটলেট, বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গা নারী–পুরুষের সঙ্গে তারা দীর্ঘ সময় আলাপ করেন এবং তাদের বাস্তব পরিস্থিতি কাছ থেকে বোঝার চেষ্টা করেন।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গত রবিবার (২৪ আগস্ট) থেকে কক্সবাজারে শুরু হয় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ—টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। মঙ্গলবার (২৬ আগষ্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই সংলাপ।
