

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং নৌকা ও প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে। এ সময় ২৯ জন জেলেকে আটক করে পরবর্তীতে সাড়ে ১০ লাখ টাকা জরিমানার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত টানা অভিযানে উপজেলার শেখেরখীল সরকার বাজার সংলগ্ন এলাকায় এসব নৌকা ও জাল জব্দ করা হয়। অভিযানে আটককৃত নৌকা থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ এবং ১০টি জাল ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় মালিক পক্ষকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
এর আগে, গত ১২ আগস্ট বাঁশখালীর একই এলাকায় মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম তৈরির অভিযোগে ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করে কোস্ট গার্ড ও সেনাবাহিনী।
