

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী সজীব (১৮) আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের পুত্র। আজ থেকে চার বছর আগে সজীব বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন।
দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় গ্রামবাসী শেখ স্টুডিও'র মালিক শেখ জাহিদুল ইসলাম ভারতের সীমান্ত এলাকায় তার সন্ধান পান। শেখ জাহিদুল ইসলাম নিজ খরচে তাকে ভারতের শিমুলতলী বর্ডার এলাকা থেকে বিজেপির মাধ্যমে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং এরপর থেকে তিনি সজীবের দেখাশোনা ও যাবতীয় খরচ বহন করছিলেন।
সজীবের মৃত্যুতে শেখ জাহিদুল ইসলাম গভীর শোক ও হতাশা প্রকাশ করে বলেন, আমি তাকে উদ্ধার করে এনে একটি নিরাপদ জীবন দিতে চেয়েছিলাম। তার এই আকস্মিক মৃত্যু আমার জন্য একটি বড় ধাক্কা।
তিনি আরও বলেন, সে আমার পরিবারেরই একজন সদস্যের মতো ছিল। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে দেন এবং জান্নাতবাসী করেন, আমিন।
