

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জসিম উদ্দিনের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দক্ষিণ জাওরানী আব্দুল লতিফা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী, অবিভাবকসহ সাবেক শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক জসিম উদ্দিন একজন ধুমপানকারী ও দুর্নীতিবাজ। উনি কি একজন শিক্ষক হতে পারে? উনি পরীক্ষার ফির মাত্র পাঁচ টাকা কম দেয়ায় একজন শিক্ষার্থীকে পরীক্ষা হল থেকে বের করে দেয়। ওনার মাঝে কোন মানবিকতা নেই। প্রধান শিক্ষক জসিম উদ্দিনের স্থায়ীভাবে বরখাস্ত দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, দক্ষিণ জাওরানী আব্দুল লতিফা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরণের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকার পরেও একটি মহল তাকে আবার স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টা করছে। বারবার তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরেও এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত জসিম উদ্দিনকে স্থায়ী বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

