

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়মনি মধ্যপাড়া জামে মসজিদে সম্প্রতি একাধিকবার চুরির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ছিলেন এলাকাবাসী। রোববার রাতে আবারও চুরি করতে এলে রানা মিয়াকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করা হলে উত্তেজিত জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মেদ জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রানা মিয়ার বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।"

