

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
নব্বইরশী ও ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার ঢাকা চট্টগ্রামের সকল যাত্রীবাহী পরিবহনসহ বাস চলাচল বন্ধ থাকে। নৌ-পথে লঞ্চ ইস্টিমার কোথাও ছেড়ে যায়নি। ফেরি চলাচল ছিল বন্ধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়। সড়কের মোড়ে মোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। সকালে নব্বইরশি বাসস্ট্যান্ড, স্টিল ব্রীজ সংলগ্ন মোড়ে ও ফেরিঘাট এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ সর্বদলীয় নেতৃবৃন্দ পৃথক পৃথক পিকেটিং সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পথসভা করেন।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, সংগ্রাম কমিটির সদস্য সচিব উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, এফ এম শামীম আহসান, উপজেলা জামায়াতে আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা মহিবুল্লাহ রফিক, ইসলামী অন্দলনের বাগেরহাট-৪ আসনের প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাও: মো: আসাদুল্লাহ্সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নির্বাচন কমিশনারের এক প্রজ্ঞাপনে বাগেরহাট-৪ আসনকে কর্তন করে মোরেলগঞ্জ-শরণখোলা ও মোংলা উপজেলাকে নিয়ে ৩ আসন করা হয়েছে। নির্বাচন কমিশনারের এ হটকারী সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া যাবেনা। যতক্ষণ পর্যন্ত বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অসন পুনর্বহাল না রাখা হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
