

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় অটল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগষ্ট) সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় টারজান নামে এক ব্যক্তির অব্যবহৃত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, অটল মিয়া নদী ভাঙনের শিকার। ঘরবাড়ি হারিয়ে তার বাবা-মা জামালপুর শহরে বসবাস করেন। তিনি তার স্ত্রী সন্তান নিয়ে বগুড়া জেলায় বসবাস করতেন। কয়েকদিন আগে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে অটল মিয়া রাগ করে জামালপুরে চলে আসেন। থাকার জন্য ফুফাতো ভাই টারজানের সাথে যোগাযোগ করলে টারজান ঢাকা থেকে এসে ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় তার অব্যবহৃত বাড়ির চাবি অটল মিয়াকে বুঝিয়ে দিয়ে চলে যায়। গত দুই দিন ধরে অটল মিয়া তার ফুফাতো ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলো। আজ সকালে কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে গেলে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অটল মিয়া একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান আরও জানান, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, একদিন আগে সে আত্মহত্যা করেছে। সুরতহাল করে মরদেহ থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তবে, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।

