ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৬
logo
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৫

বিরামপুরে সড়ক দুর্ঘটনা রোধে ১০ দফা দাবি, অবহেলার দায় কার?

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের আতঙ্ক। রাস্তায় বের হলেই জীবনের নিশ্চয়তা নেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে অব্যবস্থাপনা, উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে। প্রতিদিন দুর্ঘটনায় ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ, অকালেই পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য মানুষ। অথচ বছরের পর বছর ধরে সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো বারবার দাবি জানালেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এই প্রেক্ষাপটে বুধবার (২০ আগস্ট) দুপুরে বিরামপুর জাগ্রত যুব সংস্থা ও বিরামপুরের সর্বস্তরের সচেতন মানুষ সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন কর্মসূচি পালন করে। বিরামপুর যুব ক্লাবের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ১০ দফা দাবি উত্থাপন করা হয়—
১. দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দ্রুত সংস্কার করতে হবে।
২. বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করতে হবে।
৩. দীর্ঘদিনের দাবি অনুযায়ী স্থায়ী বাস টার্মিনাল স্থাপন করতে হবে।
৪. কলাবাগান থেকে কলেজবাজার পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।
৫. স্কুল-কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
৬. বাস নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও থামানো যাবে না।
৭. বেপরোয়া অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে।
৮. ট্রাফিক বক্স স্থাপন ও পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়ন করতে হবে।
৯. শহরের ভেতরে সর্বোচ্চ গতি সীমা ২৫ কিলোমিটার নির্ধারণ করতে হবে।
১০. রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নিশ্চিত করতে হবে।

oppo_1024

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে আমরা দাবি জানাচ্ছি, অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই দায় শেষ করছে। দুর্ঘটনায় মানুষ মরুক বা পঙ্গু হোক তাতে যেন কারো ভ্রূক্ষেপ নেই। একেকটা প্রাণহানি কি কেবল সংখ্যা হিসেবেই থেকে যাবে?”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে অবহেলা করলে বিরামপুরবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার আশ্বাস দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram