

মোঃ আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় লটারির নামে জুয়া ও উপজেলার বিভিন্ন এলাকায় চলমান জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ। শনিবার (১৬ আগস্ট) সকালে স্থানীয় শহীদ আবু সাঈদ চত্বর (ট্রাফিক মোড়ে) ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজ কর্মী ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ২০২৪ এর গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সক্রিয় জুলাই যোদ্ধা রক্সি, সাবাব তানজিন, আব্দুল হাকিম (সাবু), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জলঢাকার সভাপতির মোঃ হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ইউনুস আলী,তাতী দলের সভাপতি আলমগীর হোসেন, জেলা জজ কোর্টের সদস্য এডভোকেট শাহীন ইসলাম, তরুন দলের সভাপতি উমর ফারুক সাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান,নীলফামারী জেলার সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় বিক্রি হওয়া লটারির নামে জুয়া অতি দ্রুত আজকের মধ্যেই জলঢাকা উপজেলায় বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে এ লটারি চলমান থাকার কারণে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে এবং প্রতিদিন লটারির টিকিটের টাকা জোগাতে এলাকায় চুরি ছিনতাই বেড়ে চলছে। অপর দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দাদন ব্যবসায়ী সাইয়াকুলের নেতৃত্বে মনিগঞ্জের ডাঙ্গা হতে ১'শ গজ দূরে পাকা রাস্তার পূর্ব পার্শ্বে দীর্ঘদিন যাবত দিনের বেলায় জুয়ার আসর বসে। সেখানে প্রতিদিন অন্তত ১৫/১৬ লক্ষ টাকার জুয়া খেলার বানিজ্য হয়। অতিদ্রুত জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া'র আসর সহ সৈয়দপুরের ওই লটারির টিকিট বন্ধে উপজেলা প্রশাসনের নিকট জোর দাবী জানান বক্তারা। আর তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন উপজেলা সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

