

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শতবর্ষের ঐতিহ্য নৌপথে কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় পৌনে তিনশত বছরের ঐতিহ্য এবং রাজপরিবারের শতবর্ষের প্রথা মনে দিনাজপুরে নদীপথে সম্পন্ন হলো শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ মহাযাত্রা। জন্মাষ্টমীর একদিন আগে পূর্ণভবা নদীর দুই তীরে ভক্তদের ঢল নামে এই শোভাযাত্রা ঘিরে।
দিনাজপুরের কাহারোল কান্তনগর মন্দির থেকে নৌপথে রাজবাড়ীতে পৌঁছায় কান্তজীউ বিগ্রহ। পূজা-অর্চনা শেষে কান্তনগর ঘাট থেকে শুরু হয় যাত্রা, যা পূর্ণভবা নদীর প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে শতাধিক ঘাটে থামে। এসময়ে নদীর দুই তীরে দাঁড়িয়ে ভক্তরা দুধ, কলা, ফল, নারিকেলসহ নানা উপহার উৎসর্গ করেন।
শঙ্খধ্বনি, ঢাকের বাজনা ও ভক্তদের কীর্তন উৎসবে মেতে ওঠে নদীর দুই তীর। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর নেতৃত্বে শোভাযাত্রার নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিংহ, সহকারী পুলশি সুপার (কাহারোল সার্কলে) মোঃ মনিরুজ্জামান এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, এই নৌযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দিনাজপুরের প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম।
