

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং পেশাগত দায়িত্ব পালনের সময় আনোয়ার হোসেনকে পুলিশের উপস্থিতিতে বেধড়ক পিটিয়ে আহত করার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলের সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ সোমবার দুপুর ১২ টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে বাউফলে কর্মরত সাংবাদিকেরা অংশ নেয়।
বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, এম জাফরান প্রমুখ।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ও পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে বেধড়ক মারধর স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। সাংবাদিকদের জীবন আজ বিপন্ন। বক্তরা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো সন্ত্রাসী সাংবাদিকের ওপর হামলা করার সাহস না পায়। এটা করা না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা করা যাবে না।
