ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

ছাত্ররা বুলেটের সামনে দাঁড়িয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে: দুলু

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। যে ভবিষ্যৎ রচনা করতে গিয়ে জুলাই আন্দোলনে ছাত্ররা অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে, একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ছাত্ররাই সৃষ্টি করেছে ৫২ এর আন্দোলন, ছাত্ররাই সৃষ্টি করেছে ৬৯ এর আন্দোলন, ছাত্ররাই সৃষ্টি করেছে ৭১ এর মুক্তিযুদ্ধ, ছাত্ররাই সৃষ্টি করেছে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ সারা পৃথিবীতে জাগিয়ে দিয়েছে ২৪ জুলাই গণঅভ্যুত্থান।

তিনি রোববার লালমনিরহাট সদর উপজেলার তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়, তিস্তা ডিগ্রী কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আটশত বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, গত ১৬, ১৭টি বছর পার হয়ে গেল ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলেও লুটপাট করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে। কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন কখনো করে নাই। তারা লুটপাটকারী, তারা গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়েছে। ডাকাতরা তো এলাকা থেকে পালিয়ে যায়, ভালো মানুষতো পালায় না। তারা এদেশের মানুষকে জুলুম অত্যাচার, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট করে পালিয়েছে।

'গাছ লাগান, পরিবেশ বাঁচান' এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লালমনিরহাট জেলা বিএনপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বৃক্ষ চারা বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার লালমনিরহাট সদর উপজেলার তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়, তিস্তা ডিগ্রী কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আটশত বিভিন্ন জাতের বৃক্ষ চারা বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রকৃতি আমাদের বড় আশ্রয়। আমরা যদি প্রকৃতির পাশে দাঁড়াই, প্রকৃতিও আমাদের রক্ষা করবে। এই বর্ষা মৌসুমকে সামনে রেখে লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত বৃক্ষরোপণের যে উদ্যোগ আমরা নিয়েছি, তা শুধু চারা বিতরণে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি গাছের বেড়ে ওঠা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। কারণ এই গাছগুলোই একদিন আমাদের প্রজন্মকে ছায়া দেবে, ফল দেবে, আর পরিবেশ রক্ষা করবে। আমরা যে গাছ দিয়েছি, তার মধ্যে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতি রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এ কর্মসূচি শুধু প্রতীকী নয়, এটি বাস্তবায়নের জন্য আমাদের দলের প্রতিটি স্তরের নেতাকর্মী দায়িত্বশীল থাকবে। আমরা প্রতিটি চারা রোপণ শেষে খোঁজ নেব, কোথায় গাছ কেমন বেড়ে উঠছে। বৃক্ষরোপণ শেষ নয়, গাছের পরিচর্যা করাটাও আমাদের আন্দোলনের অংশ।

তিনি আরো বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী একজন মানুষ। তিনি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আজ তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে সবুজায়নের এই আন্দোলনে যুক্ত হয়েছি। স্কুল, কলেজ, মসজিদ-মন্দির, কবরস্থান, রাস্তার মোড়, যে স্থানে গাছ লাগালে মানুষ উপকৃত হবে, সেখানেই আমরা রোপণ করবো। নিম গাছের প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষের জানালার পাশে এসব গাছ লাগানো হবে, যেন পরিবেশ থাকে সুস্থ ও প্রশান্তিকর।

বৃক্ষের চারা বিতরণী নিয়ে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক পাটোয়ারী সাজু, তিস্তা মোস্তাক আহমেদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক আলেফ উদ্দিন, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্য শেষে উপরোক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৮শত শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram