ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৫
logo
প্রকাশিত : আগস্ট ৬, ২০২৫

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সংকটে বন্ধ এক্স-রে সেবা, ভোগান্তিতে রোগীরা

সজিবুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের সরবরাহ না থাকায় দুই সপ্তাহ ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে অনেকেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে কক্ষের সামনে নোটিশ টানানো আছে 'এক্স-রে ফিল্ম সরবারহ না থাকায় এক্স-রে সেবা বন্ধ রয়েছে'।

সেখানে অপেক্ষমাণ বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজন ক্ষোভ প্রকাশ করে জানান, বিনামূল্যে সেবা পাওয়ার আশায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। কিন্তু এক্স-রে ফিল্ম না থাকায় সেবা না পেয়ে বাধ্য হয়ে পাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বেশি টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গরিব ও নিম্নআয়ের রোগীরা। কেউ কেউ আর্থিক সামর্থ্য না থাকায় এক্স-রে না করিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

জোতদৈবকী এলাকার মুনজুর রহমান ও চর লালপুরের আজমিরা বেগম বলেন, ডাক্তার এক্স-রে করতে বলার পর এক্স-রে কক্ষে গেলে বলা হলো ফিল্ম নেই। পরে কাছের এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৮৫০ টাকা দিয়ে এক্স-রে করাতে হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, বর্তমানে এক্স-রে ফিল্ম মজুদে নেই। লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফিল্ম পেলে দ্রুত সেবা চালু হবে।

নাটোর সিভিল সার্জন ডা: মোহাম্মাদ মুক্তাদির আরেফীন বলেন, নতুন অর্থবছরের বরাদ্দ এখনো আসে নি। বরাদ্দ পেলে সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করছি দ্রুতই এক্স-রে সেবা চালু হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram