

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ সার মজুদ রাখার অপরাধে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তা এক সার ডিলারের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে অবৈধভাবে সার মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ২৯০ বস্তা ডিএপি ও ৪৪১ বস্তা টিএসপি সার মজুদ পায়। এ সময় বরাদ্দ বহির্ভূত সার মজুদ রাখার অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিসিআই সি সার ডিলার মেসার্স শুভ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান বলেন, সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারের শুভ এন্টারপ্রাইজে সার মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, যারা নিজ ইউনিয়নের ডিলার নিয়ে বাহিরে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, সার ডিলারদের অনিয়মের কারণে চরম ভোগান্তিতে প্রান্তিক কৃষকরা। সার বিধিমালা ২০০৬ অনুযায়ী ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫টি ডিলার রয়েছে। যেখানে নিজ নিজ ইউনিয়নে ডিলার থাকার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের সুবিধার জন্য ইউনিয়নের ডিলার নিয়ে পৌরসভাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে। যে কারণে কৃষকদের সারের জন্য ইউনিয়নের অনেক দূরের গ্রাম থেকে পৌরসভা ও অন্য ইউনিয়নে সার নিতে আসতে হয়। যা চরম ভোগান্তি ও অনিয়ম, বিষয়টি নিয়ে দীর্ঘদিন কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও সার ডিলারদের তাদের নিজ নিজ ইউনিয়নে অবস্থান করার জন্য সতর্ক করেছেন। সার ডিলাররা লাইসেন্স অনুযায়ী স্ব স্ব ইউনিয়নে অবস্থান না করলে বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
