

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে মোঃ কাজল (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। নিহত কাজল ওই এলাকার কামালের ছেলে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজলের কিছুটা নেশার অভ্যাস ছিল এবং মাঝে মধ্যে গ্যারেজে গাড়ি ধোয়ার কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তিনি রাতে বা ভোরে নেশার টাকার জন্য ডাব গাছ থেকে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান। ঘটনাস্থলে গাছ থেকে পড়ার চিহ্নও পাওয়া গেছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ডাব গাছ থেকে পড়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

