ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২০
logo
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৫

বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।

এই অনিয়ম ও জমির দলিল সিন্ডিকেটের মাধ্যমে এখানকার জমি-জমা কেনা বেচা কঠিন হয়ে পড়েছে। সব দলিলেই সরকার নির্ধারিত মৌজা ফি থেকে ১০/১২ হাজার টাকা করে ক্রেতাকে বাড়তি দিতে হয়। আর এ টাকা দিতে হয় বিনা রশিদে।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার অফিসের প্রবেশপথে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বহরপুর ইউনিয়নের বাসিন্দা এনামুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক গওসেল আজম গহর এবং মোহাম্মদ নবিয়াল ফকির।

বক্তারা অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের সময় নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হয় এবং কয়েকজন দলিল লেখক দ্বারা একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব দুর্নীতি পরিচালিত হয়। সিন্ডিকেটের অনুমতি ছাড়া জমির রেজিস্ট্রি কার্যক্রম সম্ভব নয় বলেও তারা অভিযোগ করেন।

তাদের দাবি, অবিলম্বে ঘুষ, দুর্নীতি ও এই কথিত সমিতির সিন্ডিকেট বাতিল করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে দলিল লেখক সমিতির সদস্য মো. আলিম শেখের মন্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

রাজবাড়ীর জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মানববন্ধনের বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। ’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে আমার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram