

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা (উড়হির হাট) বাজারে ওই ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ওই বাজারের ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি যাওয়ার পর একদল দুর্বৃত্ত একে একে আলাউদ্দিন মোল্লার মুদি দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, জাকির হোসেনের ফার্মেসী, আসাদুল তালুকদারের কীটনাশকের দোকান, গণেশ দাসের মুদি দোকান, রহিম গাজীর সিমেন্টের দোকান, মালেক মৃধার মুদি ও রহমান গাজীর হার্ডওয়্যারের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে যায়। রোববার ভোরে বাড়ি থেকে বাজারে এসে দোকান খুলতে গিয়ে সবাই তালা ভাঙা দেখে হতবাক হয়ে যায়।
একাধিক ব্যবসায়ী মনে করেন, মাদকাসক্ত দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরি করতে পারে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
