ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

পঞ্চগড়ে চা কারখানার মালিকানা নিয়ে দুই পরিচালকের অভিযোগ বিভিন্ন দপ্তরে

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে একটি চা কারখানা দখলের অভিযোগ উঠেছে। মালিক পক্ষের একটি গ্রুপসহ স্থানীয় কয়েকজন চা ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন উত্তরা গ্রীন টি ইন্ডাস্ট্রিজ লিঃ নামে চা কারখানাটির দুইজন পরিচালক। জেলা প্রশাসন, স্থানীয় টি বোর্ডসহ বিভিন্ন দপ্তরে তারা এই অভিযোগ করেছেন।

অভিযোগকারীরা হলেন, আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম। মালিকানা দ্বন্দ্বের কারণে চা কারখানাটি বন্ধের উপক্রম দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মালিক পক্ষের দ্বন্দ্বের কারণে চা কারখানাটি বন্ধ হয়ে গেলে কারখানায় কর্মরত শতাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়বে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার কাজী বোরহান উদ্দিনের ছায়া উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার কেচেরা পাড়া এলাকায় ৭ বিঘা জমির উপর "উত্তরা গ্রীন টি ইন্ডাস্ট্রিজ লিঃ" নামে চা কারখানাটি স্থাপন করা হয়। তিনি সরকারি কর্মকর্তা বলে নিজের নামে জয়েন্ট স্টক কোম্পানী থেকে রেজিস্ট্রেশন না করে তার বিশ্বস্থ কাজী এ এন এম আমিনুল হকের নামে ৬৫ শতাংশ মালিকানা উল্লেখ করে এই কারখানার রেজিস্ট্রেশন করা হয়। ৩০ শতাংশের মালিক হন আব্দুর রাজ্জাক এবং ৫ শতাংশের মালিক হন তারিকুল ইসলাম।

পরবর্তীতে কাজী আমিনুল হক বোরহান উদ্দিনের স্ত্রী আইরিন পারভিনের নামে ১০, ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শায়মান সাদিকের নামে ৩৫, তার ভায়রা শাহ আলমের নামে ১০ শতাংশ শেয়ার হস্তান্তর করেন। করোনা সংকট কালে কাজী আমিনুল হক মারা গেলে তার রেখে যাওয়া ১৫ শতাংশের শেয়ার এখনো অবশিষ্ট রয়েছে। অন্যদিকে আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম মালিকানা রিসিডিউল করে ২০ ও ১০ শতাংশের মালিক হন। ঢাকার রুপালী ব্যাংক দিলকুশা স্থানীয় কার্যালয় থেকে মর্টগেজকৃত ২৬ কোটি ৭৪ লাখ টাকা ঋণ নিয়ে এসময় বোরহান উদ্দিন এবং আব্দুর রাজ্জাকের পরিচালনায় ৬ লেনের এই কারখানাটি চা উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার কেজি চা উৎপাদন হয়।

পরে আয় ব্যায় হিসাব নিকাশের মিথ্যা গড়মিলের অভিযোগ তুলে তৎকালীন আওয়ামীলীগ নেতা আনোয়ার সাদাত সম্রাটের শেল্টার নিয়ে চা কারখানা থেকে পরিচালক আব্দুর রাজ্জাক এবং তারিকুল ইসলামকে বের করে দিয়ে পুরো কারখানা দখলে নেন বোরহান উদ্দিন।

পরবর্তীতে নানা ধরণের রাজনৈতিক হুমকি দিয়ে বোরহান উদ্দিনের পরিবারের কাছে ২০২২ সালের ২৪ মার্চ এই দুই পরিচালককে শেয়ার হস্তান্তরের জন্য একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। চুক্তিপত্র অনুযায়ী দুই পরিচালকের পাওনা ১ কোটি ৪৫ লক্ষ টাকা ৩ মাসের মধ্যে পরিশোধ করার কথা। এর মধ্যে ৫০ লাখ টাকা প্রদান করা হয়। কয়েক বছর পেরিয়ে গেলেও বাকি টাকা এখনো পরিশোধ করেননি।

এদিকে ৫ আগষ্টের পর এই কারখানা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় কয়েকজন চা ব্যবসায়ীর কাছে বোরহান উদ্দিন একক সিদ্ধান্তে তার স্ত্রী, ছেলে এবং ভায়রা মিলে ৩ বছরের জন্য লিজ প্রদান করেন।

অভিযোগকারী আব্দুর রাজ্জাক এবং তারিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগ শাসনামলে আমাদেরকে চা কারখানা থেকে বের করে দেয়া হয়। জয়েনস্টক কোম্পানীর রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা এই কোম্পানীর এখনো পরিচালক। আমাদেরকে না জানিয়ে চা কারখানাটি লিজ দেয়া হয়েছে।

আমাদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে মালিকানা হস্তান্তরের চুক্তিপত্র করা হলেও সেই চুক্তিপত্রেরও সময় অতিবাহিত হয়ে গেছে। ব্যাংক ঋণের বোঝা টানতে হচ্ছে আমাদের। আমাদেরকে কারখানায় প্রবেশ করতে দিচ্ছেনা। দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি, কোন বিচার পাচ্ছিনা। আমরা এর একটা সুষ্ঠ সমাধান চাই।

সকল অভিযোগ অস্বীকার করে বোরহান উদ্দিন জানান, তারা কারখানার মালিক এটা সত্যি। কিন্তু তারা মালিকানা আমার পরিবারের কাছে হস্তান্তর করেছে। কোন রাজনৈতিক দলের নেতার শেল্টার নেয়া হয়নি। তারা এখনো আমাদেরকে মালিকানা হস্তান্তর করছেনা।

অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ জানান, এই উত্তরা গ্রীন টি ইন্ডাস্ট্রিজ লিঃ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়কে দায়িত্ব দেয়া হয়েছে।

চা বোর্ড জানায়, পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান ছুটিতে আছেন। বার বার ফোন করেও পাওয়া যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram