

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ শাহাব উদ্দিন (৭০) ও মোঃ মজনু মিয়া (৬০) নামে দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত কৃষক মোঃ শাহাব উদ্দিন (৭০) কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আঃ হাশিমের ছেলে। অপরদিকে মোঃ মজনু মিয়া (৬০) কুলিয়ারচর পৌরশহরের তারাকান্দি পূ্র্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তারা দুজনই কৃষি কাজ করতেন।
মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৫) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে নিজ জমিতে কৃষি কাজ করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে কৃষি জমিতে কাজ যায় দুইজন কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া। তারাকান্দি বন্দে পাশাপাশি জমি হওয়ায় দুজনই একসাথে কাজ করছিল। পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচ পাম্পের বৈদ্যুতিক ঝুলানো তারে লেগে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
তবে পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, সেচ পাম্পের মালিক আঙ্গুর মিয়া ও বিদ্যুৎ অফিসের অবহেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ সরেজমিনে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার জানান, হাসপাতালে দুটি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ। মৃতদেহ দুটি বিদ্যুতায়িত হয়েই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
