

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের ক্ষুদ্র ও কুটির শিল্প (Cottage, Micro and Small Enterprises—CMSE) খাতের বিকাশে পাঁচ বড় প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এগুলো হলো—সীমিত অর্থায়নের সুযোগ, বাজার সংযোগে ঘাটতি, প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অবকাঠামোগত সংকট।
সোমবার (২৮ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত “কক্সবাজারে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা” শীর্ষক সংলাপে এ মত দেন তারা। ব্র্যাকের ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর ওমেন অ্যান্ড ইয়ুথ ইন কক্সবাজার (ISEC) প্রকল্প এ সংলাপের আয়োজন করে।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন বলেন, নিয়ম মেনে চলার পরও কোনো ব্যবসায়ী ঋণ না পেলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করতে পারেন। আইনি প্রক্রিয়ায় আমরা ব্যবস্থা নেব।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান জানান, কক্সবাজারে সিএমএসই খাতে বরাদ্দকৃত ২৫ শতাংশ ঋণের মধ্যে মাত্র ১৩.৬৭ শতাংশ বিতরণ হয়েছে। মূল সমস্যা হলো, উপযুক্ত উদ্যোক্তা খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিসিকের সহকারী মহাব্যবস্থাপক রাসেল বড়ুয়া বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা গড়ে তোলার লক্ষ্যে ‘বিসিক অনলাইন মার্কেট’ চালু করা হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘শিল্প উদ্যোক্তা ও উন্নয়ন প্রশিক্ষণ’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া আইএলও–এর রুচিকা বেহেল, যুব উন্নয়ন অধিদপ্তরের মোয়াজ্জেম হোসেন, কক্সবাজার চেম্বারের আবু মোরশেদ চৌধুরী, ওমেন চেম্বারের জাহানারা ইসলামসহ ১৬৫ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন।
বক্তারা গুণগত উৎপাদন ও গবেষণা, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, এসএমই–বান্ধব নীতিমালা প্রণয়ন ও পণ্যের বৈচিত্র্যকরণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে ৭৯ লাখ সিএমএসই প্রতিষ্ঠান রয়েছে, যা জাতীয় জিডিপিতে ২৫–২৭ শতাংশ অবদান রাখে।
