ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

তিতাস উপজেলা কমপ্লেক্সের পাবলিক টয়লেট এখন সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশ কার্যালয়

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাবলিক টয়লেট ভেঙে সাব-রেজিস্ট্রার অফিসের আওতাভুক্ত নকলনবিশ কার্যালয় করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাবলিক টয়লেটটি ভেঙে ছোট কক্ষে গাদাগাদি করে ৫/৬ জনের জায়গায় ১৫ জনকে বসার জায়গা করে দেয় সাব-রেজিস্ট্রার। একজন এক টেবিলে বসলে অন্য টেবিলে আরেকজন যেতে হলে প্রথমজন বের হয়ে জায়গা করে দিতে হয়৷এছাড়াও উপর তলা থেকে স্যানেটারি পাইপ দিয়ে নেমে আসা ময়লার দুর্গন্ধে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় কাজ করা নকলনবিশ কর্মচারীরা দুর্বিষহ হয়ে পড়েছেন। এই জন্য নকল লেখা বন্ধ রেখেছে দুই সপ্তাহ ধরে। এতে দলিল লেখকসহ সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছে। উপজেলা পরিষদ থেকে সেবা নিতে আসা সেবাগ্রহীতার প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে। মলমূত্রত্যাগের জন্য ছুটাছুটি করতে হচ্ছে এদিক সেদিক। এতে মানুষের ভোগান্তির যেন শেষ নেই।

উপজেলা কমপ্লেক্সের সামনে চায়ের দোকানের ব্যবসায়ী আনিছুর রহমান ও উপজেলা সেবা নিতে আসা লাক মিয়া বলেন, উপজেলা কমপ্লেক্সে পাবলিক টয়লেট অতি জরুরি। প্রতিদিন শত শত মানুষ এখানে সেবা নিতে এসে টয়লেট না পেয়ে মলমূত্রত্যাগের জন্য তারা এদিক সেদিক ছুটাছুটি করে বেড়ায়। এটা লজ্জাজনক বিষয়।

নকলনবিশ মো. জাহাঙ্গীর আলম স্বপনসহ সকলেই বলেন, আগে আমরা যেখানে বসে নকল লিখতাম, সেই কক্ষে সাব-রেজিস্ট্রার স্যার খাসকামরা করার জন্য সংস্কার কাজ করতেছেন, তাই পাবলিক টয়লেট ভেঙে আমাদেরকে এখানে বসার জায়গা করে দিয়েছেন। কিন্তু এখানে ১০/১৫ বসে কাজ করা সম্ভব না এবং খুব দুর্গন্ধ আসে, তাই সকলে নকল লিখা বন্ধ রেখেছে।

দলিল লিখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন বলেন, নকল না লিখার কারনে আমরা খুব সমস্যায় আছি এবং অনেক গ্রহীতা তারা নকল না পাওয়ার কারনে জমি খারিজ করতে পারছেনা। এ বিষয়টি দ্রুত সমাধান করা দরকার।

এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার মো: শরীফুল ইসলামের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের ইন্টারনাল বিষয়, আগের কক্ষে সংস্কার কাজ চলছে, ২০/২৫ দিন পর এসে খবর নিয়েন। তিনি আরও বলেন, আমাদের কাকে কোথায় বসতে দিব সেইটা আমাদের উর্ধতন কর্তৃপক্ষ আছে। কার অনুমতি নিয়ে পাবলিক টয়লেট ভেঙেছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমরা পাবলিককে জিজ্ঞেস করে করবনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, আমরা রেজুলেশন করে দুটো রুম বরাদ্দ দিয়েছি, একটি রেজিস্ট্রার অফিসকে অপরটি প্রাণী সম্পদ অফিসকে। কিন্তু সাব-রেজিস্ট্রার অফিসের বরাদ্দকৃত রুমে না গিয়ে, কি কারনে পাবলিক টয়লেট ভেঙে নকলনবিশ অফিস করেছে জানতে আমি কারন দর্শানোর নোটিশ দিয়েছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram