

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ৩দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকদের সঙ্গে রাজশাহীর চালকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন স্থানীয় চালকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
তবে রাজশাহীর বাস মালিকরা জানান, রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানা গোদাগাড়ীর বালিয়াঘাট্টা পর্যন্ত বাস চালাচ্ছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছাড়ছে না।
আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্ত বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃজেলা বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা করে রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন। অনেক যাত্রী আবার ব্যাটারিচালিত অটোরিক্সা যোগে শহর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শেষ সীমানা হাতনাবাদ পর্যন্ত গিয়ে সেখানে রাজশাহী মালিকদের বাস ধরছেন, এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে, বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজশাহী থেকে আসা আব্দুল ওহাব জানান, তিনদিন থেকে বাস বন্ধ হবার কারণে সকালবেলা বের হয়ে হাতনাবাদ পর্যন্ত রাজশাহীর বাস আসছেন, তারপরে অটোরিক্সা যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছেন, এভাবে অনেক যাত্রী কষ্ট করে আসছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যা নিরসনে আমরা স্থানীয়ভাবে সভা করেছি। আজকে রাজশাহীর সমিতির সঙ্গে বসার কথা ছিল। তবে অনিবার্য কারণে বসা হয়নি। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ অফিসে দুই জেলার শ্রমিক এবং মালিক সমিতির নেতৃবৃন্দরা উদ্ভুত পরিস্থিতি সমাধানে আলোচনা সভায় মিলিত হবেন।
