

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘদিনের অবহেলায় দোয়ারাবাজার উপজেলা সদরের সঙ্গে সুরমা ইউনিয়নের একমাত্র সংযোগ সেতুটি এখন এলাকাবাসীর জন্য রীতিমতো মৃত্যুফাঁদ। ২০০৪ সালে টিলাগাঁও রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতায় নির্মিত এই সেতু দীর্ঘ ২০ বছরেও কোনো সংস্কার না পেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সেতুর রেলিং ভেঙে লোহার রড বের হয়ে আছে, পাটাতনে সৃষ্টি হয়েছে একাধিক গর্ত, আর সরু গঠন কাঠামোর কারণে প্রতিনিয়ত ঘটে যানজট ও দুর্ঘটনা। অথচ এই সেতুই তিনটি ইউনিয়ন সুরমা, লক্ষ্মীপুর ও বোগলাবাজার এর হাজারো মানুষের যাতায়াতের একমাত্র পথ।
স্থানীয় বাসিন্দা হাবিবুল কবির শুভ বলেন, ভারী ট্রাক উঠলে সেতু কাঁপে। মনে হয় যেকোনো সময় ধসে পড়বে। সিএনজি চালক স্বপন মিয়া জানান, ব্রিজে পাশ কাটানো যায় না, রোগী নিয়ে এসে মাঝপথে থেমে থাকতে হয়।
অবস্থা এতটাই নাজুক যে, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাঈদা মাহমুদ প্রতিদিন আতঙ্কে স্কুলে যাতায়াত করেন। দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী আমান উল্লাহ আমান বলেন, সকাল-বিকেলে রেলিং না থাকায় চলাফেরা ভয়ংকর হয়ে ওঠে।
সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, ২০০৪ সালের পর থেকে কোনো সংস্কার হয়নি। শতাধিক ট্রাকসহ ভারী যান চলে এই পথে। সময়ের দাবি—নতুন, প্রশস্ত ও টেকসই একটি সেতু।
এলজিইডি দোয়ারাবাজার উপজেলার প্রকৌশলী আব্দুল হামিদ জানান, “নতুন সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি বর্তমান সেতুর জরুরি সংস্কার কাজের জন্য অনুমোদনের অপেক্ষা চলছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, সেতুটি নিয়ে অনেক অভিযোগ পেয়েছি। ইঞ্জিনিয়ার দিয়ে অবকাঠামোর নিরাপত্তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর জোরালো দাবি—আরও কোনো প্রাণহানি বা দুর্ঘটনার আগেই যেন বর্তমান সেতু ভেঙে নতুন ও মানসম্মত সেতু নির্মাণ শুরু করা হয়।
