ঢাকা
logo
প্রকাশিত : July 27, 2025

দীঘিনালায় মাত্রাতিরিক্ত লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় মাত্রাতিরিক্ত লোডশেডিং, অতিরিক্ত ভূতুরে বিল, ঘুষ-দুর্নীতি ও বিদ্যুৎ অফিসের নানা অনিয়মে জরিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১২ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে দীঘিনালা সরকারি কলেজ গেইট এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার ভুক্তভোগী সর্বস্তরের জনসাধারণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

‘ভুক্তভোগী সর্বস্তরের জনতা’— ব্যানারে আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন জাহেদুল ইসলাম জাহিদ। এতে বক্তব্য দেন বাস স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন, আল-আমিন হাওলাদার, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন মহিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীঘিনালায় বিদ্যুৎ সরবরাহের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিনিয়ত লোডশেডিং, ভূতুরে ও অতিরিক্ত বিল, ঘুষের বিনিময়ে বিদ্যুৎ সংযোগ, মিটার পরিবর্তন কিংবা মেরামতের কাজ চালানো হয়। এতে সাধারণ গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

তারা অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসের একাংশ কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত। জনবল ও পরিবহন সংকট, জরুরি সাড়া দেওয়ার মতো হেল্পলাইন না থাকা এবং গ্রাহকের অভিযোগ শুনানির কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে।

বক্তারা আরও বলেন, শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকলেও উপজেলার অন্যান্য এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় তীব্র বৈষম্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না।

সমাবেশে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন ও দুর্নীতি বন্ধে ১২ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— দীঘিনালায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, ট্রান্সফরমার সমস্যার সমাধান, মিটারের রিডিং অনুযায়ী সঠিক বিল প্রদান, দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, মেরুং ফিডারে বৈষম্য দূরীকরণ, লো-ভোল্টেজ সমস্যার সমাধান, জনবল ও পরিবহন বৃদ্ধি, অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে লাইন মেরামত বন্ধ, অগ্রিম বিল ফেরত প্রদান, জরুরি হেল্পলাইন চালু, অভিযোগ গ্রহণ ও নিয়মিত শুনানির ব্যবস্থা এবং সকল গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহে সমতা বজায় রাখা।

আয়োজকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram