

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাজে যাওয়ার সময় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় তপন নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তপন নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা শঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারি।
নিহত যুবক উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের রনজিৎ রায়ের ছেলে তপন রায় (২৪)। আহত একজনের বাড়ি একই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে শ্রী ফুল (২৫)। তারা দুজনেই কাঠশ্রমিকের কাজ করতেন। অন্যজন আব্দুল আলীম (২২) তিনি পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ আরশেদুল হক জানান, মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় একটি ইউডি মামলা হবে। তবে অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
