

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৫ টার সময় ওই যুবকের মৃত্যু হয়। সে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী গ্রামের মালবাড়ির আলী আহাম্মদের ছেলে। সে পেশায় একজন রিক্সাচালক।
নিহতের ছোট ভাই রিয়াদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে রিক্সার ব্যাটারি চার্জের লাইন খুলতে গেলে সে সেখানে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে উনার স্ত্রী উঠে দেখে সে রিক্সার পাশে পড়ে রয়েছে। তার চিৎকারে আমরা উঠে এসে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দুইটি অবুঝ কন্যা সন্তান এতিম হয়ে গেল।’
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কামরুল হাসান বলেন, ‘ভোরে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
