ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

সোনাগাজীতে ড্রেন নির্মাণে সাবেক কৃষক দল নেতার সীমানা প্রাচীর উচ্ছেদে বাধা, সংঘর্ষে আহত ১৬

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী পৌরসভার ড্রেন নির্মাণে সাবেক কৃষক দল নেতার সীমানা প্রাচীর উচ্ছেদে বাধা দেয়ার ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার বাখরিয়া ১নং ওয়ার্ডের বাসিন্দা, ফেনী জেলা কৃষক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনাগাজী বাজারের ব্যবসায়ী মো. মাঈন উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফেনী জেলা কৃষক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, তার ছেলে কপিল উদ্দি অভি, মেহের আহমেদ অমি, স্ত্রী ফরিদা ইয়াছমিন, সোহেল কামাল হৃদয়, শাহাদাৎ হোসেন মিশন, আবদুল শুক্কুর, গ্রামবাসী আবিদুর রহমান, আজিজ মোহাম্মদ দুলাল, জামশেদ আলম, মো. নিলয়, সাইফ উদ্দিন ও আজিম উদ্দিন।

পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে বিশ্বব্যাংকের অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে বাখরিয়া গ্রামে ড্রেন ও সড়ক নির্মাণের জন্য ৯ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। হক ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পান। ওই কৃষক দল নেতার বাড়ির কাছে গেলে ড্রেনের জন্য আরও দুই ফুট জমির দরকার পড়ে। এতে তার সীমানা প্রাচীর ভাঙতে হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান বাধার মুখে পড়েন। গত কয়েক মাস যাবৎ এ নিয়ে বিরোধ দেখা দিলে পৌর কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নিজ দায়িত্বে সরিয়ে নিতে তাকে চূড়ান্ত নোটিশ করেন। তাতে তিনি সরিয়ে না নিলে গত ২১ জুলাই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন সরেজমিনে পরিদর্শনে যান। পৌর আইনানুযায়ী পাঁচ ফুট দূরত্বে সীমানা প্রাচীর নির্মাণ না করার কারণে ইমারত আইনানুযায়ী সীমানা প্রাচীর পৌর কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভাঙবেন বলে জানান। এ সময় মাঈন উদ্দিন মৌখিক ভাবে নিজ দায়িত্বে সরিয়ে নিবেন বলে আগামী শনিবার ২৬ জুলাই পর্যন্ত সময় চান। ইউএনও তাকে সময় দেন।

এর মধ্যে ক্ষতিপূরণ চেয়ে মাঈন উদ্দিন ২৩ জুলাই বুধবার ফেনীর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্সের মালিক ফজলুল হক বাবলু ও পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে বিবাদী করা হয়। আদালত তার মামলাটি আমলে নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা ও নোটিশ প্রাপ্তির দশ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ জারি করেন। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার সকালে তিনি ভেকু মেশিন নিয়ে সীমানা প্রাচীর উচ্ছেদ করতে গেলে মাঈন উদ্দিন তাকে আদালতের নোটিশ দেখান। এসময় তার ছেলের সঙ্গে গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্ক শুরু হলে ইউএনওর সামনেই উত্তেজিত গ্রামবাসী ও মাঈন উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এসময় মাঈন উদ্দিনের ঘর থেকে মরিচের গুড়া মিশ্রিত পানি নিক্ষেপ করা হয়। ইউএনও মুঠোফোনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, পৌরসভার ইমারত উচ্ছেদ আইনানুযায়ী অভিযান চালানো হয়েছে এবং সীমানা প্রাচীরটি উচ্ছেদ করা হয়েছে। তবে মালিকের পক্ষ থেকে আদালত কর্তৃক তিনি কোন নোটিশ পাননি। তার সামনে সংঘর্ষের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সাবেক কৃষক দল নেতা মাঈন উদ্দিন বলেন, আমি পৌর আইন মেনে রাস্তা ও ড্রেনের জন্য জমি ছেড়ে দিয়ে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে প্রায় ১৫ বছর আগেই সীমানা প্রাচীর নির্মাণ করেছি। পৌরসভা থেকে নোটিশ পাওয়ার পর আমি আইনের আশ্রয়ে গিয়েছি। কিন্তু ইউএনও এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোক নিয়ে উচ্ছেদ করতে গেলে তারা আমার পরিবারের সদস্যদের ওপর হামলা করে।

ওই গ্রামের বসিন্দা মিজানুর রহমান বলেন, দেড় বছর যাবৎ কাজটি পড়ে আছে। তার বাধার কারণে ড্রেন ও সড়ক নির্মাণ কাজ আটকে আছে। গ্রামবাসীসহ ইউএনও ঘটনাস্থলে গেলে মরিচের গুড়া মিশ্রিত পানি নিক্ষেপ করে গ্রামের লোকদের ওপর মাঈন উদ্দিনের পরিবারের লোকজন হামলা করে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram