

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন।
নিহতরা হলেন, উপজেলার ভন্দুর চর গ্রামের মৃত গোলাম শহিদ এর পুত্র বুলু মিয়া (৬০) ও ফুলবাবু (৪৭) এবং একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র নুরুল আমিন (৪৫)।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতরা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
