

যশোর প্রতিনিধি: সাত মামলার আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। তিনি ভারত যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্র্রেশনে আসে। ইমিগ্রেশন পুলিশ ডাটাবেজ যাচাইয়ের পর একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
আটককৃত আব্দুস সামাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ড এর মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় মামলা একাধিক মামলা রয়েছে। তার সবগুলো মামলা মৌলভীবাজার সদর থানার।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছে। সে বর্তমানে পলাতক রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মো: রাসেল মিয়া বলেন, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।
