

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় মা এবং স্ত্রীকে মারপিট করার কারণে এক মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা করেছে মা। ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) রাত ৯.৩০ টার দিকে তালা উপজেলার আটারই গ্রামে। নিহত হাবিবুর মোড়ল (৩০) আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।
নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে ভ্যানচালক হাবিবুর নেশা করতো এবং প্রায়ই মা এবং তার স্ত্রীকে মারপিট করতো।
তার স্ত্রী শান্তা জানান, নেশার টাকা জোগাতে সে আমাদেরকে মারধর করতো, আজও রাতে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার এক পর্যায়ে মাকে এবং তার স্ত্রীকে বেদম মারপিট করতে থাকে। এসময় এলাকাবাসী তাদের উদ্ধারে এগিয়ে আসলে সে ধারালো হাসুয়া নিয়ে তাদের তাড়া করে। এসময় হাসুয়া কেড়ে নিতে গেলে তার মাথা ও গলায় কোপ লাগে। ঘটনাস্থলেই মাদকাসক্ত ছেলে হাবিবুর মারা যায়।
তালা থানার ওসি মঈন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।
