

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে সোমবার (২১ জুলাই) রাতে দেশীয় তৈরী একটি পাইপগানসহ মো. আরিফ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের আবু তাহেরের পুত্র।
পুলিশ জানায়, রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনগণের সহায়তায় সমপুর গ্রামের জনৈক তৈয়বের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতি চেষ্টার অভিযোগে ৫টি মামলা রয়েছে এবং চারটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
