

হবিগঞ্জ প্রতিনিধি: আদালতের নির্দেশে রাস্তার প্রতিবন্ধকতা সরাতে যাওয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলামকে আটকে রেখে হামলার চেষ্টা করেছেন স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাকে ও তার সহযোগীদের উদ্ধার করেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন, উপজেলার পরমানন্দপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), সেরু মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫)। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, গ্রামের তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে রাস্তা নিয়ে মামলা চলছিল। আদালতের নির্দেশে প্রতিবন্ধকতা সরাতে গেলে কয়েকজন আমাদের আটকে হামলার চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে। তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
