ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

বাবুগঞ্জে অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং প্লান্ট, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামে গড়ে উঠেছে একটি অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং প্লান্ট, যেখানে পুরাতন টায়ার পুড়িয়ে কৃত্রিম প্রক্রিয়ায় তেল উৎপাদন করা হচ্ছে। এ কার্যক্রমের ফলে কার্বন নিঃসরণ ও বিষাক্ত গ্যাসে এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিস্ফোরক লাইসেন্স, শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্লান্টটি দোয়ারিকা গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যার আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা রয়েছে। ফলে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

প্রতিদিন পুরাতন টায়ার বয়লারে উত্তপ্ত করে কুলিং পদ্ধতিতে তেল নিষ্কাশন করা হয়, এতে বায়ুদূষণ, দুর্গন্ধ ও উচ্চ মাত্রার শব্দদূষণ ঘটছে। প্লান্টে প্রায় অর্ধশত শ্রমিক কাজ করছেন, যাদের সুরক্ষা ব্যবস্থা নেই ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পরিবেশ অধিদপ্তরের অভিযান দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম নয়ন জানান, এটি পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটির অনুমোদন রয়েছে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম বন্ধ করা জরুরি।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, পরিবেশ বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটলে কিংবা যথাযথ প্রক্রিয়ার বাইরে এ রিসাইকেলিং প্লান্ট গড়ে উঠলে অবশ্যই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের নির্দেশিকার কোন ধরনের বিচ্যুতি ঘাটলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ মিজানুর রহমান বলেন, তারা সব ধরনের অনুমোদন নিয়েই এ কার্যক্রম চলমান রেখেছে। তবে পরিবেশ অধিদপ্তরের একটি ছাড়পত্র ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন কিংবা জেলা প্রশাসনের কোন অনুমোদন দেখাতে পারেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram