

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধপথে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ লালচান (২৩) নামে এক বাংলাদেশি যুবক। শনিবার (১৯ জুলাই) রাতে সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যায় ওই যুবক। এরপর আর ফিরে আসতে পারেন নি এবং এখন পর্যন্ত (দুপুর-৩টা) তাঁর কোন খোঁজও মিলছেনা।
স্থানীয়দের কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
স্থানীয়রা জানান, মোহাম্মদ লালচান নারায়নপুর ইউনিয়নের কালুপুর এলাকার শাহজাহান ওরফে জেবনের ছেলে। শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান লালচান। অন্যরা ফিরে আসলেও লালচান ফিরে আসেননি। এ নিয়ে সকালে এলাকায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর কেউ নিশ্চিত করতে পারেনি।
বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, স্থানীয়দের কাছ থেকেই লালচানের সীমান্ত অতিক্রমের খবর জানতে পারি। পরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। আমরা এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৭১ বিএসএফের নুরপুর ক্যাম্পের সাথে যোগাযোগে চেষ্টা করেছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে লালচানের মৃত্যুর কোন খবর পাইনি। বিএসএফ জানিয়েছে, গত রাতে সীমান্তে কোন গুলিও হয়নি।
অধিনায়ক আরও বলেন, জোহুরপুর সীমান্তে গতরাতে কোন গুলির শব্দ শুনেননি বিজিবি’র টহল দলও। কাজেই লালচানের মারা যাওয়ার খবর সঠিক নয় বলে মনে করছে বিজিবি’। তিনি বলেন, লালচানের সন্ধান পাওয়ার জন্য বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত।
