

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও তদন্তের নেই অগ্রগতি, জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সাথে!সেই রাতে জোবায়েরের সাথে ছিল তার দুই সহপাঠী, রাতে ঘুরতে বের হলেও আর ফেরা হয়নি বাড়িতে। কুড়িগ্রামের চিলমারীতে ব্যানার হাতে মানববন্ধনে দাঁড়িয়ে আহাজারি করেন এক অসহায় পিতা।
রোববার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে রাস্তায় শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধনে রাস্তায় দাঁড়িয়েছেন নিহত জোবায়ের আমিনের বাবা আব্দুল জলিল।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা মামলার এক বছরেও আসামি গ্রেপ্তার হয়নি। আগামী ৭ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও কঠোরভাবে করার হুশিয়ারি দেন তারা। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্র জানান, বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরে তদন্তাধীন রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজছাত্র জোবায়ের হোসেন আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এরপর ওই বছরের ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে।
