

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর মান্দায় শহীদ রাসেলের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলার ১৩নং কসব ইউনিয়নের ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুল আরেফিন, উপজেলা বন কর্মকর্তা দেবাশীষ রায়, উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাহিদা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামীমা ইসলাম সাথী ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের অভিভাবকসহ অন্যান্যরা।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, জুলাই অভ্যুত্থানে রাসেল শহীদ হয়েছেন। তার আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি জারুল গাছ লাগানো হয়েছে। গাছের সঙ্গে আছে জুলাই শহীদ স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। গাছের পাশে ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।
শেষে শিক্ষার্থীদের মাঝে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিতরণ করা হয়।
