

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল নয়টার সময় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহির পাশের একটি কুয়া থেকে মৃতদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয়। পরে কলাপাড়া পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এছাড়া প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, 'অজ্ঞাতনামা ওই যুবকের বয়স ৩০-৩৫ বছর হতে পারে। তাঁর গায়ে একটা ফুল হাতা গেঞ্জি এবং একটি ট্রাউজার পরিহিত ছিল।'
তিনি আরও বলেন, ইতোমধ্যে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালীতে পাঠানো হবে।
