

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর বাজারে (পূর্ব বাজার) আগুনে পুড়ে তিনটি দোকানের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এই আগুনের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে আশপাশের দোকান গুলোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ক্ষতিগ্রস্ত তাপু আখুঞ্জি জানায়, তার মেশিনারী যন্ত্রপাতি ও গাড়ি ওয়াশ মেশিন, মসলা ভাঙ্গার মেশিন, ষ্টিলের মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তার ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। অপরদিকে রুবেল মিয়া জানায়, তার দোকানে থাকা চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন মেশিনারী যন্ত্রপাতি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও আগুনে দুটি দোকানের পাশে থাকা একটি খোরশেদ আলমের বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্রের আংশিক, টিন ও বিদ্যুৎতের তার মিটারের ব্যাপক ক্ষতি হয়েছে।
তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পারবেজ জানান, ভোর রাতে আগুনে পুড়ে বাজারের দুটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও একটি দোকানেরও ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ঘরের মালিকগণের পাশে দাঁড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
