

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কুয়াকাটা সংলগ্নে বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি পাখিমাছ (সেইল ফিশ)। সোমবার বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ তিনটি নিয়ে আসেন আবু সালে মাঝি নামে এক জেলে। স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় আলীপুর বিএফডিসি আড়তে আনা হলে মাছগুলো নিলামে কিনে নেন মোঃ সাদ্দাম হোসেন। তিনি মাছ তিনটি ২৩ হাজার টাকায় কিনে নেন।
সাফা ফিস এর মালিক চয়ন জানান, একটি মাছের ওজন ছিল ৩৫ কেজি। সেটি বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। বাকি দুটো ৯ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে আবু সালে মাঝি জানান, এফবি আল্লাহর দান ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের ১৭০ কিলোমিটার গভীর সাগরে ইলিশ মাছের জালে ধরা পড়ে মাছ তিনটি। বড় হওয়ায় মাছগুলো তাদের ট্রলারে তুলতে অনেকটা পরিশ্রম পেতে হয়েছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পাখিমাছ (সেইল ফিশ) মূলত দ্রুতগামী মাছ। এসব মাছ গভীর সাগরে বিচরণ করে।
