ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৬
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

বাঁশখালীতে এস আলম পরিবহন থেকে দুইটি একনলা বন্দুক উদ্ধার, একজন গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ মো. জাফর আলম (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামি হাটহাজারী থানাধীন পশ্চিম ধলই এলাকার মৃত আলী হোসেনের পুত্র।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (খ সার্কেল), চট্টগ্রামের উপপরিদর্শক এ.কে.এম আজাদ উদ্দিন। অভিযানে তার সঙ্গে ছিলেন এসআই মো. পিয়ার হোসেন, এএসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই মো. জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসযোগে (চট্টমেট্রো-ব-১১-১৪৫৭, এস আলম পরিবহন) কক্সবাজারের বদরখালী এলাকা থেকে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ চট্টগ্রাম শহরের দিকে আসছেন। এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুঁইছড়ি এলাকার প্রধানসড়কের জান্নাত এগ্রো ফার্ম সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের সিট নম্বর D4-তে বসা যাত্রী মো. জাফর আলম এর আচরণ সন্দেহজনক মনে হলে তার কোলের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি চেক লুঙ্গিতে মোড়ানো অবস্থায় দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বন্দুকদুটি যথাক্রমে ৩৪ ও ৩৩ ইঞ্চি লম্বা এবং কাঠ ও লোহার সমন্বয়ে তৈরি। আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি অস্ত্র দুটি কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বহদ্দারহাট এলাকায় পৌঁছানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে অস্ত্র জব্দ করে মো. জাফর আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের আর্মস অ্যাক্ট-এর ১৯(এ) ধারায় বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপপরিদর্শক এ.কে.এম আজাদ উদ্দিন বলেন, 'মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram