ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৬
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

রাজবাড়ী হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ জজ কোর্ট পেশকারের মৃত্যুর অভিযোগ

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার বাসিন্দা এবং রাজবাড়ী জেলা জজ আদালতের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, সকালে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে শাজাহান মৃধাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর অক্সিজেন সাপোর্ট দিলে তার অবস্থার উন্নতি হতে থাকে। কিন্তু চিকিৎসকের একাধিক অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা।

মৃতের শ্যালক, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু অভিযোগ করে বলেন, ‘প্রথমে অক্সিজেন দেয়ার পর তিনি কিছুটা ভালো বোধ করছিলেন। কিন্তু হঠাৎ একজন চিকিৎসক এসে অক্সিজেন খুলে দেন। এরপরই তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পর তিনি মারা যান।’

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রোগীর মৃত্যু হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টজনিত কারণে হয়েছে। তবে যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, তাই আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় শাজাহান মৃধার সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত চিকিৎসকদের দায়িত্ব ও আচরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram