

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলার কড়িকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি হোমনা-গৌরিপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাতাকান্দি বাসস্ট্যান্ডের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মো: ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো: আক্তারুজ্জামান সরকার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
